টাঙ্গাইলে অনুমোদনহীন তিনটি ক্লিনিক সিলগালা এবং একটি হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গালের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই উপস্থিত ছিলেন।
অভিযানে বৈধ অনুমোদন না থাকায় সিটি হাসপাতাল, টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড টিচার্স হাসপাতাল এবং মক্কা-মদিনা চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়। এছাড়া খিদমাহ্ স্পেশালাইজড হাসপাতালের অনুমোদনসংক্রান্ত ত্রুটি ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম বলেন, টাঙ্গাইল জেলায় প্রায় ৬০০টির বেশি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। এর মধ্যে বৈধ অনুমোদন রয়েছে মাত্র ১০৪টির। অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।