সদ্য প্রথমবার বাংলাদেশের সিনেমার মহরত করে গেলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। এরমধ্যেই নতুন খবর। দুই বাংলার গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী সিনেমায় নিজের পরিচয় তৈরি করতে যাচ্ছেন মধুমিতা। তেলেগু ছবি ‘মায়া লেডি’-তে অভিনয়ের মাধ্যমে নতুন ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। এই সিনেমায় মধুমিতার বিপরীতে দেখা যাবে ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা রাকেশ ভারেকে।
এরইমেধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন সিনেমার ঝলক প্রকাশ করেছেন মধুমিতা। ছবির বিশেষ মুহূর্ত শেয়ার করে তিনি জানিয়েছেন, ‘মায়া লেডি’ তাঁর জন্য একটি বিশেষ কাজ। এর মাধ্যমে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।
‘মায়া লেডি’ একটি রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। প্রেমের গল্পের পাশাপাশি এতে থাকবে রহস্য ও অ্যাকশনের সমন্বয়। ছবিটি পরিচালনা করছেন প্রশঙ্কর। প্রযোজনায় রয়েছে রাকেশ ভারের প্রযোজনা সংস্থা ক্রেজি অ্যান্টস প্রোডাকশন। সিনেমার গান ও আবহ সংগীত তৈরি করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক বিশাল চন্দ্রশেখর।
জানা গেছে, শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ওকে ওকা আশা’। পরে গল্প ও পরিকল্পনায় পরিবর্তনের সঙ্গে নাম বদলে রাখা হয় ‘মায়া লেডি’। নির্মাতাদের আশা, ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী অভিনয়ের কারণে ছবিটি দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করবে।