উপমহাদেশের সংগীতাকাশে আরও তারকার বিদায়। না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতের জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার প্রথম প্রহর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) হঠাৎ সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন গায়ক স্বাগত দে। দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
নিজের সুরেলা কণ্ঠে গাওয়া অসংখ্য লোকগানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন স্বাগত দে। বিশেষ করে ‘ময়না ছলাৎ ছলাৎ’ ও ‘সোনা বন্ধু রে’ গান দুটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তার কণ্ঠে বাংলা লোকসংগীত নতুন প্রজন্মের কাছেও নতুনভাবে পরিচিতি লাভ করে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেনসহশিল্পী, অভিনয়শিল্পী ও অসংখ্য ভক্ত। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন শিল্পী ও সংস্কৃতিজন।