সড়ক দুর্ঘটনা

প্রাণে বাঁচলেন মৌসুমী মৌ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনার ছবি প্রকাশ করে মৌসুমী মৌ লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি।’ 

তিনি জানান, ঘটনাটা ঘটেছে বুধবার দিবাগত রাতে। শো শেষে বাসায় ফেরার পথে একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি গাড়ির ভেতরে একপাশ থেকে অন্যপাশে ছিটকে পড়েন। মৌসুমীর ভাষায়, ‘মাথা, বুক, হাত আর পায়ে ব্যথা পেয়েছি। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।’ 

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমার গাড়ির ঠিক পেছনে মোটরসাইকেলে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের হেরফের হলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত। আর যদি পিকআপটি গাড়ির দরজার দিকে আঘাত করত, তাহলে হয়ত আমি আর বেঁচে থাকতাম না।’ 

ফেসবুক পোস্টে পিকআপ চালকের একটি ছবিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার অভিযোগ, চালকের আচরণ ছিল অস্বাভাবিক এবং গাড়িটির ব্রেকেও সমস্যা ছিল। যদিও চালকের মালিক দাবি করেছেন, ওই ব্যক্তির সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।তবে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মৌসুমী মৌ। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত