ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা শেষে গত ৩ আগস্ট দেশে ফিরিয়ে আনা হয় নন্দিত চিত্রতারকা ইলিয়াস কাঞ্চনকে। দেশে ফেরার পর নায়কের গুলশানের বাসায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিনিয়র চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
দেখা করেই এই নায়িকা জানালেন, আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন এক সময়ের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ না হলেও ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। বিষয়টি তুলে ধরে ফেসবুকে রোজিনা লিখেছেন, ‘লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাবেন ইলিয়াস কাঞ্চন।
পোস্টে রোজিনা আরও উল্লেখ করেন, অসুস্থতার এই সময়ে কাঞ্চনের পাশে রয়েছেন তার স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই। তারা সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন। সবশেষে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন রোজিনা। তিনি লিখেছেন, ‘আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’