শিল্পকলায় বিনামূল্যে দেখা যাবে ৬ সিনেমা

নতুন ও পুরনো সময়ের আলোচিত ছয়টি বাংলা চলচ্চিত্র নিয়ে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল-সেকাল’। আগামী ৯ থেকে ১১ আগস্ট জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, দর্শকরা কোনো টিকিট ছাড়াই বিনা মূল্যে সব সিনেমা উপভোগ করতে পারবেন।

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আয়োজনটি বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।

উদ্বোধনী দিনেই ‘রইদ’ ও ‘জীবন থেকে নেয়া’

৯ আগস্ট বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা উঠবে। 

এরপর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেনসহ বহু গুণী শিল্পী।

দ্বিতীয় দিনে ‘আবার তোরা মানুষ হ’ ও ‘মাস্তুল’

উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দর্শকদের জন্য থাকছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সাম্প্রতিক আলোচিত চলচ্চিত্র ‘মাস্তুল’।

সমাপনী দিনে ‘দুই পয়সার আলতা’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। আর রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই আয়োজন।

উৎসব ঘিরে বিশেষ সেমিনার

চলচ্চিত্র উৎসবকে ঘিরে আজ শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছে ‘সমসাময়িক প্রেক্ষাপটে চলচ্চিত্রের একাল সেকাল’ শীর্ষক একটি বিশেষ সেমিনার।

সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আকতানিন খায়ের তানিন। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম কচি, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, শাহীন দিল-রিয়াজ, মোহাম্মদ নূরুজ্জামান এবং এস এম ইমরান হোসেন।