ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে ও তাঁর স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পাকিস্তান হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন জানায়, ‘আলহামদুলিল্লাহ, তিনি এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং ভালো আছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে রাজধানীর বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাইকমিশন সূত্রে জানা যায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ৫টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডের পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিলে সকাল ৯টার দিকে ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরানকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
