ভারতে বসে ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে’ শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে ভারতীয় হাইকমিশনারকে তলব করে জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকারের যথাযথ কূটনৈতিক উদ্যোগের অভাবেই বিদেশে শেখ হাসিনার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাঁর অভিযোগ, দিল্লির সরকার এতে সহায়তা করেছে। এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা প্রয়োজন ছিল।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য অনুষ্ঠিত গণভোটের রায় সরকার জনগণের কাছ থেকে ‘চুরি করেছে’। দুটি ভোটে অংশ নিলেও সরকার একটি ভোটের রায় মেনে নেয়নি।
তিনি বলেন, দেশে বর্তমানে কোনো সার্বজনীন কর্মসূচি নেই। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, বর্তমান সরকারও জুলাই গণ-অভ্যুত্থানকে দলীয়করণের পথে এগোচ্ছে।
বর্তমান সরকার ‘ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনতে আপসকামী’ বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে বৈধতা হারিয়েছে এবং সরকার একটি সাংবিধানিক সংকট তৈরি করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জুলাইয়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাচ্ছে এবং ক্যাম্পাস দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাহিদ।
তিনি বলেন, ‘সত্যিকার অর্থে জুলাই শেষ হয়নি।’ স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র করছে। জুলাইয়ের অন্যতম প্রত্যাশা রাষ্ট্র সংস্কার এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে পাওয়া গণরায় এখনো বাস্তবায়িত হয়নি।
শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনের প্রসঙ্গে তিনি বলেন, সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থা না নিয়ে শুধু ‘বাগাড়ম্বর’ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করছে।
নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় ঐক্য ঐক্যবদ্ধভাবে ‘স্বৈরাচারকে প্রতিরোধ করবে’। বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি হারিয়েছে এবং জনগণের আস্থাও হারিয়েছে বলে দাবি করেন তিনি।
ক্যাম্পাসে নির্বাচিত ছাত্রসংসদের নেতাদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরাও নিরপেক্ষ আচরণ করছেন না।
কাঠামোগত সংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।