জ্বালানি সহযোগিতা নিয়ে সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা

বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা গভীর করার উপায়ে নিয়ে আলোচনা করেছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাক্ষাতে এ আলোচনা হয়। সিঙ্গাপুরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দিনের সফরে সিঙ্গাপুর গেছেন।

ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বৈঠকের ছবি যুক্ত করে প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজে বলেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী অংশীদারত্ব এবং ঘনিষ্ঠ জনগণের সম্পর্ক রয়েছে। আমরা বাণিজ্য সম্প্রসারণ ও জ্বালানি অংশীদারত্ব শক্তিশালী করাসহ সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি। একটি দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তির বিষয়েও ভালো অগ্রগতি হয়েছে, যা উভয় দেশের ব্যবসার জন্য আরও সুযোগ তৈরি করবে।

শামা ওবায়েদ বলেন, সিঙ্গাপুর একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ব্যবসাকেন্দ্র। বাংলাদেশের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। সম্প্রতি বিনিয়োগসংক্রান্ত একটি বিলও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিষয় সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক একটি উইং গঠন করা হয়েছে, যা সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতার বড় সুযোগ রয়েছে।