আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ বুধবার দেশের স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষা ক্যালেন্ডারে দিনটি ছুটি থাকবে। তবে এ দিবস উপলক্ষে বাংলাদেশে কোনো সরকারি সাধারণ বা বাধ্যতামূলক ছুটি নেই। একইভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক নিয়মে তাদের কার্যক্রম পরিচালনা করবে। অন্যান্য করপোরেট ও বেসরকারি প্রতিষ্ঠানেও দিনটি সাধারণ কর্মদিবস হিসেবে পালিত হবে।
আখেরি চাহার সোম্বা হলো হিজরি সনের সফর মাসের শেষ বুধবার। ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার বা বুধবারের আগের অংশ এবং ‘ সোম্বা’ অর্থ বুধবার। ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সাময়িক সুস্থতা লাভ করেছিলেন। তাই মুসলিম সমাজে দিনটি শুকরিয়া ও আনন্দের দিন হিসেবে পালিত হয়। সেই হিসাব অনুযায়ী, আজ বুধবার আরবি সফর মাসের ২৮ তারিখ আখেরি চাহার সোম্বা। মুসলিত সম্প্রদায় দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ, ওয়াজ-নসিহত ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, এ দিনটি দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। পর দিন বৃহস্পতিবার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি চলবে। এরপর আবার দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।