তিন সড়ক দুর্ঘটনায় ঝরল চার প্রাণ

দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

চাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল ওহাব, আল আরাফা বাসের চালক গাইবান্ধা জেলার বাসিন্দা কামাল ও সুপারভাইজার বাগেরহাট জেলার বাসিন্দা শোভন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

মাগুরা : মাগুরা-যশোর মহাসড়কে রাস্তার পাশে চাকা পাংচার হওয়া দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় শাহিন (৫০) নামের এক পিকআপ আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া পিকআপের চালক অহিদুল (৪৫) গুরুতার আহত হয়েছেন। নিহত শাহিন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ এলাকার জামশেদের ছেলে। মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, গত সোমবার রাত ১২টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের শতখালী এলাকায় পাংচার হওয়া একটি বালি ভরা ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় মাগুরা থেকে আসা একটি ফার্নিচার মালবাহী পিকআপ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের মালামালের মালিক শাহিন মারাত্মকভাবে আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০জন যাত্রী আহত হয়েছেন। গত সোমবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানান, নরসিংদী থেকে হানিফ পরিবহন একটি যাত্রীবাহী বাস সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারে যাওয়ার পথে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।