সীমান্তে বিজিবির অভিযান

২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

গত জুলাই মাসে সীমান্তে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩টি শাড়ি, থ্রি-পিস, শার্টপিস, চাদর ও কম্বল, তৈরি পোশাক, কসমেটিকস সামগ্রী, আতশবাজি, কাঠ, কয়লা, চা পাতা, ৬২৪টি মোবাইল ফোন, জিরা, রসুন, চিনি, সার, ওষুধসহ আরও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, গাঁজা, সিরাপ, ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক রয়েছে।

অভিযানে ৯টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ ও সাতটি অন্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত ১২টি ট্রাক/কাভার্ডভ্যান, আটটি পিকআপভ্যান, তিনটি প্রাইভেটকার, ছয়টি ট্রলি, ৫৫টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল/ভ্যান এবং ১২৭টি নৌযান জব্দ করা হয়েছে। মাদকপাচার ও অন্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি, তিনজন ভারতীয় ও ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।