শ্বশুরবাড়ির পাশের বনে মিলল অটোচালকের মরদেহ,  স্ত্রী-মেয়েসহ আটক ৫

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে রুহুল আমীন নামে এক  ব্যাটারিচালিত অটোরিকশা চালকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এঘটনায় স্ত্রী, মেয়ে, শ্বশুরসহ পাঁচজনকে  আটক করেছে পুলিশ। শনিবার (১৪ আগস্ট) দুপুরে বরমী ইউনিয়নের কুমারভিটা গ্রামের বনের ভেতর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুহুল আমীন (৩৬) পার্শ্ববর্তী কায়েতপাড়া গ্রামের আতাহার আলীর ছেলে। বিয়ের পর থেকেই কমুরভিটা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুমারভিটা এলাকার আকাশি বন দিয়ে স্থানীয় কয়েকজন কাজে যাওয়ার একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে এ খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী, মেয়ে, শ্বশুর ও শ্যালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ছোট বোন ফাতেমা আক্তারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ জেরে নির্যাতন চালিয়ে ভাইকে (রুহুল আমীনের) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অর্থনৈতিক কোনো ঝামেলা থেকেই এ হতাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর বিচার চাই।