প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে দীর্ঘ দেড় মাস লাইট-ক্যামেরা থেকে দূরে ছিলেন অভিনয়শিল্পী মাফতুহা জান্নাত জীম। গত ৯ আগস্ট পরীক্ষা শেষ হতেই পরদিন থেকে আবারও চেনা ব্যস্ততায় ফিরেছেন এই অভিনেত্রী। আর এই ফেরাটা হলো সেলিম রেজা পরিচালিত নতুন নাটক ‘লুকোচুরি প্রেম’-এর মধ্য দিয়ে। রোমান্টিক গল্পের এই নাটকে জীমের বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী।
জীম জানান, পরিচালকদের আগ্রহ ও জমে থাকা চিত্রনাট্যের টানে পরীক্ষা শেষ করেই সেটে ফিরতে হয়েছে তাকে। ‘লুকোচুরি প্রেম’ ছাড়াও চলতি আগস্ট মাসের পুরোটা সময়জুড়েই টানা শুটিংয়ের শিডিউল রয়েছে তার। কাজের প্রতি একাগ্রতা প্রকাশ করে জীম বলেন, ‘পড়াশোনার জন্য দেড় মাস কাজে সময় দিতে পারিনি। তবে পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়ে ১০ তারিখ ভোর থেকে পুরোদমে শুটিং শুরু করেছি। ক্যারিয়ার নিয়ে আমি এখন বেশ সিরিয়াস। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’ জানা গেছে, ‘লুকোচুরি প্রেম’ ছাড়াও ইতিমধ্যেই আরও একটি নাটকের কাজ শেষ করেছেন জীম। পাশাপাশি ব্যস্ত আছেন বিজ্ঞাপনের শুটিংয়েও।