মঞ্জুরুল আলমের কথা, রাজেশ ঘোষের সুর

অবন্তী সিঁথি ও মাহতিম সাকিবের ‘দুচোখ তোমার’

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫৭ এএম

মেলোডিনির্ভর মিষ্টি রোমান্টিক গান নিয়ে এলেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। গানের শিরোনাম ‘দুচোখ তোমার’। আরআর মিউজিকের ব্যানারে সম্প্রতি গানটির অফিশিয়াল মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।

মঞ্জুরুল আলম চৌধুরীর কথায় গানটির সুর করেছেন রাজেশ ঘোষ এবং সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গীতিকার মঞ্জুরুল আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে চটুল গানের দৌরাত্ম্যের মাঝেও আমাদের এই পরিশীলিত কথার গানে শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর গান হয়েছে। সুরকার রাজেশ ঘোষ জানান, চমৎকার কথামালার গান। মাহতিম সাকিব ও অবন্তী সিঁথিকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। চমৎকার গেয়েছে গানটি, আমি খুবই আশাবাদী।

অবন্তী সিঁথি বলেন, ‘সহজ-সরল কথার মিষ্টি রোমান্টিক এই গানটি গাইতে গিয়ে বেশ লেগেছে। আশা করি ভালোবাসার এই গানটি সবার মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।’

কণ্ঠশিল্পী মাহতিম সাকিব বলেন, ‘গানটির কথা ও সুরের মধ্যে আলাদা একটা স্নিগ্ধতা আছে, যা শ্রোতাদের হৃদয়ে দোলা দেবে।’

সৌরভ ঘোষ নিলয়ের পরিচালনায় ভিডিওতে মডেল হয়েছেন অথৈ ইসলাম ও দেবজ্যোতি ঘোষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত