দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন গতকাল এক সাক্ষাৎকারে তার অতীতের এক বিষাক্ত সম্পর্কের যন্ত্রণার কথা প্রকাশ্যে এনেছেন। ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মধ্য দিয়ে যাওয়া সেই দিনগুলোতে তিনি চরম মানসিক দুশ্চিন্তা, প্যানিক অ্যাটাক, ব্ল্যাকআউট এবং দ্রুত ওজন কমে যাওয়ার মতো গুরুতর শারীরিক সমস্যায় ভুগেছিলেন।
মানসিক চাপের কারণে একপর্যায়ে শুটিং চলাকালেই তার ডান চোখ কাঁপতে শুরু করে এবং চোখের ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফুলে গিয়ে সার্জারি পর্যন্ত করাতে হয়। সম্পর্কটিকে একটি ‘মাকড়সার জালের’ সঙ্গে তুলনা করে অনুপমা জানান, একের পর এক মিথ্যা, ম্যানিপুলেশন ও নিজ ঘাড়ে দোষ চেপে যাওয়ার কারণে সেখান থেকে বের হয়ে আসা অত্যন্ত কঠিন ছিল। তবে পরবর্তী সময়ে সত্য সামনে এলে দুই পরিবারের হস্তক্ষেপে তিনি সেই জটিল পরিস্থিতি থেকে মুক্ত হন।
দুই বছরের সেই বিষাক্ত অধ্যায়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন জানিয়ে অনুপমা বলেন, শারীরিক ও মানসিকভাবে তার শরীরে এমন কিছু ক্ষত রয়ে গেছে যা কখনোই পুরোপুরি শুকাবে না। তবে সেই কঠিন সময় পেছনে ফেলে বর্তমানে তিনি আবারও পূর্ণ শক্তিতে কাজে মনোযোগ দিয়েছেন।