ঝিনাইদহ শহরের উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে আরাবি হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাবি ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে। সে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আরাবি। তবে পড়া শেষে সে আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ উপজেলা পরিষদ অফিসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।
পরবর্তীকালে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে আরাবীকে উদ্ধার করেন। তাকে তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধার অভিযানের বিষয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন এবং শিশুটির নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।