ফের আলোচনায় এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেতা সমু চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতা এক ব্যক্তির সঙ্গে উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করছেন। একই সময়ে ওই ব্যক্তিকেও উত্তেজিত অবস্থায় দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ সদস্য তাকে শান্ত করার চেষ্টা করেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় । পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। ঘটনার বিষয়ে অভিনেতা সমু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু না বলে মুঠোফোন বন্ধ করে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল বেশি। এর মধ্যেই সমু চৌধুরীকে ঘিরে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।
অভিনেতার এমন আচরণের ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করছেন। কেউ কেউ ঘটনার কারণ জানতে চাইছেন, আবার কেউ অভিনেতার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে গত বছরের ১২ জুনও সমু চৌধুরীকে নিয়ে এমন একটি ঘটনা আলোচনায় এসেছিল। ওই সময় ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পরে তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছিল। সেই ঘটনার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।