আমদানি নিষিদ্ধ সিগারেট-আইফোনের চালান জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট ও আইফোনের একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ২০মিনিটে গোয়েন্দা সংস্থাসমূহের গোপন তথ্যের ভিত্তিতে  দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৮ এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৭৮২ কার্টুন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়।

এসময় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেট ও আইফোনের বাজার মূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।

অভিযুক্ত যাত্রীরা হলেন ফেনী ছাগলনাইয়ার মঈনুল আবদিন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ।

তবে তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরর মিডিয়া অফিসার প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।