চট্টগ্রামে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিকেলে কলেজ গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন ছাত্রশক্তি নেতারা।
জাতীয় ছাত্র শক্তি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আবদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী মঙ্গলবার দুপুরে কলেজ শাখার নেতৃবৃন্দকে নিয়ে মহসীন কলেজ ক্যাম্পাস পরিদর্শন ও প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান। এসময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রথমে তাদের বাঁধা প্রদান করে। বাঁধা সরিয়ে নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষের কক্ষে গেলে সেখানেও অধ্যক্ষ ও উপস্থিত শিক্ষকদের সামনে তাদের হেনস্থা করা হয়। পরে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাত শেষে ফিরে আসার সময় পেছন থেকে আবারও তাদের ওপর হামলা হয়। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
বিকেল চারটার দিকে ছাত্রশক্তি মহসীন কলেজ গেটে একটি সংবাদ সম্মেলন করে। এসময় সংগঠনের নেতারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে প্রশাসনিক শাস্তির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে তারা হামলা ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশের পথে আসার জন্য ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানান।