চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী গণমিছিল ও সমাবেশ

আইন হাতে নেবো না, ফ্যাসিস্টদের আইনের হাতে সোপর্দ করবো : সাঈদ আল নোমান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান এমপি বলেছেন, আবারও যদি ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চায় তাদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, আমরা আইন নিজের হাতে তুলে নেবোনা, তবে তাদের আইনে সোপর্দ করবো। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

নগরীর লালখান বাজার মোড় থেকে বিকেলে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ সবুর, মহানগর বিএনপি নেতা এডভোকেট আবদুস সাত্তার, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, কামরুল ইসলাম, কাজী বেলাল, মহানগর মহিলা বিএনপির সভাপতি মনোয়ারা বেগম মনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচীতে অংশ নেন।

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সাঈদ আল নোমান এমপি বলেন, আমাদের কাছে রাজনীতি ইবাদত। ইবাদতের রাজনীতি মানুষ খুন করা নয়। আমরা রাজনীতি করি জনগনের জন্য, জনগণের সেবা করার জন্য। কোন পলাতক শক্তি, কোন ফ্যাসিস্ট, কোন প্রত্যাখ্যাত বিতাড়িত দলকে নিয়ে আলোচনা করে এত গুরুত্ব দেওয়ার কোন প্রয়োজন নেই। 

তিনি বলেন, ১৭ বছর চট্টগ্রামের ন্যুনতম কোন উন্নয়ন আমরা দেখিনি।  যে ছেলেগুলোর হাতে বই থাকার কথা, চোখে মানুষের মত মানুষ হয়ে পরিবারের হাল ধরার স্বপ্ন থাকার কথা সেই বাচ্চাগুলোর হাতে তারা সতের বছরে তুলে দিয়েছে ইয়াবা ও মাদক। এখনো সেই ছেলেগুলোকে বিভিন্ন জায়গায় বোমাবাজির জন্য ব্যবহার করছে। তাই আমাদের সন্তানদের বলছি, তোমাদের জীবনে এদের কোন অবদান ছিলনা এখনো কোন অবদান নেই। আগামী দিনগুলোতেও তোমাদের ধ্বংস করে দেওয়ার মতো কাজগুলো তোমাদের হাত দিয়ে তারা করাচ্ছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমরা অন্যের অপরাজনীতির দশমিক এক অংশও অনুসরণ করবনা। আমাদের দ্বারা পিস্তল-রাইফেল এগুলো ব্যবহার হবেনা। আমাদের রাজনীতি হবে জনগনের জন্য, জনগণের সেবা করার জন্য। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে একটি গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত