ভারতের অরাবলী এক্সপ্রেসের সংরক্ষিত বাতানুকূল কামরায় উঠে আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মডেল অন্তরা সোহম ব্যানার্জি। অভিযোগ উঠেছিল, তার কাছে স্লিপার ক্লাস টিকিট থাকা সত্ত্বেও তিনি ট্রেনের সংরক্ষিত এসি কোচে উঠে পড়েন। সেই থেকেই শুরু হয় তর্ক-বিতর্ক।
রবিবার (১৭ আগস্ট) ভারত বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমেই প্রকাশ পায় অন্তরার গ্রেপ্তারের খবর। এই খবর প্রকাশ্যে আসতেই খোঁজ খবর শুরু করে পুলিশ। পরে তারা জানায়, আদতে অন্তরা এমন কাণ্ড ঘটাননি। ট্রেনে বচসায় যিনি জড়ান, তিনি আসলে ঠাণের বাসিন্দা এক মডেল। এফআইআর-এ তার নাম উল্লেখ করা হয়েছে অন্তরা সোহম ব্যানার্জি হিসেবে। প্রকাশ্যে এসেছে তার ছবিও। ইতিমধ্যেই অভিনেত্রী অন্তরার সহকারী দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, টেলিভিশন অভিনেত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
তবে ভুলবশত হলেও, এই ঘটনার পরে স্বাভাবিক ভাবেই অন্তরাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিনয়জগতে তার পরিচিতি নতুন নয়। একাধিক ধারাবাহিক, সিনেমা এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তিনি। লোম হর্ষ পরিচালিত ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’ ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন অন্তরা। এ ছাড়াও একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটী জ়িন্দগী কী’-তেও দেখা গিয়েছিল তাঁকে। এরিকা ফার্নান্ডেজ় ও পার্থ সমথান অভিনীত এই ধারাবাহিকে অন্তরা কাজ করেছিলেন। ২০১৯ সালে তিনি শো-টি ছেড়ে দেন বলে জানা যায়।
এর পর ক্রাইম ও অ্যান্থলজি ঘরানার একাধিক ধারাবাহিকে অভিনয় করেন অন্তরা। ‘সাবধান ইন্ডিয়া’, ‘লাল ইশ্ক’ এবং ‘গুমরাহ্: এন্ড অফ ইনোসেন্স’-এর মতো সিরিজ়েও কাজ করেছেন তিনি। ‘দ্য শৌকীন্স’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর পরে ‘বঢ়ো বহু’-তে পিঙ্কি অহলাওয়তের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়াও ‘রাগিনী এমএমএস রিটার্নস’ সিজ়ন ২-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ২০২৫ সালের ‘দ্য লাস্ট শো’।
শুধু অভিনয় নয়, নাচের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অন্তরার। তিনি একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী। প্রায় ১৫ বছর ধরে কত্থক শেখার সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা যায়। কলকাতায় বিভিন্ন সময়ে মঞ্চে কত্থক পরিবেশনও করেছেন তিনি। পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণও নিয়েছেন। অতীতে বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিংয়ের কাজও করেছেন।
কলকাতার বাঙালি পরিবারে জন্ম অন্তরার। বিনোদনদুনিয়ায় নিজের কেরিয়ার তৈরি করার লক্ষ্যে ২০১৩ সালে বাবা-মায়ের সঙ্গে মুম্বই পাড়ি দেন তিনি। সেখানেই স্নাতক পড়তে ভর্তি হন। কিন্তু টেলিভিশনের কাজের ব্যস্ততার কারণে পড়াশোনা বেশি দূর চালিয়ে নিয়ে যাননি বলেই জানা যায়।