২৩ আগস্ট মেগা কনসার্ট

লন্ডনে জয় শাহরিয়ার যাচ্ছেন নচিকেতাও

লন্ডনের রয়্যাল রিজেন্সি মিলনায়তনে আগামী ২৩ আগস্ট রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেগা কনসার্ট ২০২৬’। আইঅন টিভি আয়োজিত এই কনসার্টে একই মঞ্চে সুরের বার্তা নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার দুই প্রজন্মের প্রতিনিধি কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার-সংরাইটার জয় শাহরিয়ার। এ আয়োজনে অংশ নিতে ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছেন জয় শাহরিয়ার, ২২ আগস্ট যাচ্ছেন নিচেকেতা।

বাংলাদেশের ‘আজব কারখানা’র শিল্পী ব্যবস্থাপনায় আয়োজিত এই কনসার্টের টিকিট ইতিমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে; যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২০, ৪০ ও ১০০ পাউন্ড। নির্ধারিত দিন বিকেল ৩টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে।

প্রথমবারের মতো লন্ডনে গাওয়ার অনুভূতি জানিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘ঢাকার দ্বৈত শোয়ের ধারাবাহিকতায় এবার লন্ডনে আমাদের এই আয়োজন। আশা করি, শ্রোতারা দারুণ একটি সুরের সন্ধ্যা উপহার পাবেন।’ অন্যদিকে নচিকেতা চক্রবর্তী জানান, জয়ের সঙ্গে অডিও ও মঞ্চে কাজের অভিজ্ঞতা চমৎকার, এই আয়োজনও প্রবাসীদের মন জয় করবে।

উল্লেখ্য, ২০২৪ সালে জয়ের সুরে তাদের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’ প্রকাশিত হয়।