নতুন পরিচয়ে সামিরা খান মাহি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:০৬ এএম

পর্দায় চোখ ধাঁধানো অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তবে এবার আর কেবল ক্যামেরার সামনেই নয়, এক নতুন ব্যবসায়িক পরিচয়ে আত্মপ্রকাশ করলেন এই তারকা। দেশের অটোমোটিভ শিল্পে যুক্ত হয়ে গাড়ির জনপ্রিয় প্রতিষ্ঠান ‘স্পিডটাচ অটোস’-এর পরিচালকের (ডিরেক্টর) দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

নতুন এই পথচলার ঘোষণা দিয়ে মাহি জানান, অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করা তার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। গ্রাহকদের কাছে মানসম্মত ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওন্ড গাড়ি সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরির লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের সঙ্গে তার যুক্ত হওয়া। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, লোকাল অ্যাসেম্বলি এবং নিজস্ব উদ্ভাবনী আইডিয়া দিয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, অভিনয়েও থেমে নেই এই তারকা, তবে কাজের সংখ্যা কিছুটা কমিয়েছেন সচেতনভাবেই। নিজেকে, পরিবারকে ও নতুন ব্যবসায় মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। সম্প্রতি অবকাশযাপন শেষে ফিরেই কাজ করেছেন ৬ পর্বের দুটি নতুন মিনি সিরিজ ‘কর্মফল’ ও ‘মায়ার সংসার’। পারিবারিক টানাপড়েন ও জীবনের গভীর গল্প নিয়ে তৈরি ‘কর্মফল’ সিরিজটি পরিচালনা করেছেন মহিন খান। এতে মাহির সঙ্গে আছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান ও দীপা খন্দকারের মতো প্রবীণ ও জনপ্রিয় অভিনয়শিল্পীরা। অন্যদিকে মোহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় ‘মায়ার সংসার’ সিরিজের সহশিল্পীদের বিষয়টি সারপ্রাইজ হিসেবে রেখেছে প্রযোজনা দল।

কাজ দুটি প্রসঙ্গে মাহি বলেন, ‘দুটিই পারিবারিক গল্পের চমৎকার কাজ। শুটিংয়ের সময়ে শরীরটা খানিকটা অসুস্থ থাকলেও অভিজ্ঞতা ছিল দারুণ। কাজ দুটি দর্শক দারুণ উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।’

নতুন ব্যবসা ও বেছে বেছে মানসম্পন্ন কাজ, উভয় মাধ্যমেই এখন মাহির নজর নিজের মেধার স্বাক্ষর রাখার দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত