চ্যালেঞ্জ লিগে ফর্টিজের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী তিন ক্লাব

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাংলাদেশের ফর্টিজের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী তিন ক্লাব। আজ (বৃহস্পতিবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে 'সি' গ্রুপে পড়েছে বাংলাদেশের এই ক্লাবটি।

গ্রপের বাকি তিনটি দল ভারতের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালি ক্লাব এফসি গোয়া, কুয়েতের ঐতিহ্যবাহী ও অভিজ্ঞ ক্লাব কাদসিয়া এসসি এবং তাজিকিস্তানের শীর্ষস্থানীয় দল এফসি রেগার-তাদাজ।

প্রতিযোগিতায় প্রিলিমিনারি স্টেজে হেরে বাদ পড়ে বাংলাদেশের আরেকটি ক্লাব পুলিশ এফসি। আর ঘরের মাঠে মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে ফর্টিজ। বাংলাদেশ থেকে এবার তারাই গ্রুপ স্টেজে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। 

এএফসি চ্যালেঞ্জ লিগে দেশের আর কোনো ক্লাব না থাকলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার তারিক কাজীকে দেখা যাবে পারো এফসির জার্সিতে। ভুটানের ক্লাবটির হয়ে খেলছেন তিনি। তার দলও উতরে গেছে প্রাথমিক পর্ব। আজ ড্রয়ে 'এ' গ্রুপে পড়েছে পারো এফসি। এই গ্রুপের খেলাতেও তারাই আয়োজক হবে। যেখানে রয়েছে তুর্কমেনিস্তানেরর আহাল এফসি, লেবাননের আল আনসার এফসি ও সিরিয়ান ক্লাব আল ইত্তিহাদ আহলি। এই ক্লাবটির বিপক্ষে হেরেই প্রিলিমিনারি স্টেজ থেকে বাদ পড়ে বাংলাদেশ পুলিশ এফসি।