বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ: সিমন্স

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

ডারউইন টেস্ট জয়ের আবেগ থেকে দ্রুত বের হয়ে আসতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানালেন প্রধান কোচ ফিল সিমন্স। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সেই জয়ের আনন্দকে পেছনে ফেলে এখন তার মূল লক্ষ্য সিরিজ জয়। শনিবার শুরু হতে যাওয়া ম্যাকাই টেস্টকে সামনে রেখে আজ দলীয় অনুশীলন শেষে এসব নিয়েই আলোচনা করেন বাংলাদেশ কোচ।

আবেগকে ধরে রাখার প্রসঙ্গে সিমন্স বলেন, ‘বাংলাদেশের মানুষ আসলে আবেগপ্রবণ। আমি সেরকম নই। ফলে আমার জন্য ইমোশন আটকে রাখাটা সহজ। তাদের জন্য কঠিন। আজকে দেখে মনে হয়েছে সবাই এখন ভালোভাবে কাজে ফিরে এসেছে।’

জয়ের পর তিন দিন পার হয়ে গেলেও সামনে থাকা ম্যাচে পুরোপুরি মনোযোগ ফেরানোর তাগিদ দিয়েছেন সিমন্স। তার আশা, আগামীকাল আরও নিবিড়ভাবে প্রস্তুতি নিয়ে শনিবার সকালে ম্যাকাই টেস্টে নামবে দল। ‘আমাদের ৩ দিন হয়ে গেছে ম্যাচ জেতার পর। আশা করছি কালকে সবাই আরও ভালোভাবে কাজে ফিরবে এবং শনিবার সকালে পরের টেস্টে পুরো মনোযোগ দিতে পারবে।’

ডারউইনের জয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বেড়েছে বলেও মনে করছেন প্রধান কোচ। তবে একটি জয়কে ঘিরে বাড়তি প্রত্যাশা নতুন কিছু নয় বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। অতীতেও টেস্ট জয়ের পর দলের কাছে প্রত্যাশা ছিল, আবার ব্যর্থতাও এসেছে। সিমন্সের দাবি, ‘আমরা আগে বেশ কিছু টেস্ট ম্যাচ জিতেছি, তবে মাঝে আবার জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম। তবে এমন প্রত্যাশা সবসময়ই থাকে। এখানে কিছু বদল আসেনি। এখন প্রত্যাশা কিছুটা বেশি হয়ত, তবে প্রত্যাশা সবসময়ই থাকে।’

তবে সাম্প্রতিক জয়ের সবচেয়ে বড় প্রাপ্তি দলের বাড়তি আত্মবিশ্বাস। ডারউইনে ভালো ক্রিকেট খেলেই জয় এসেছে এবং সেই আত্মবিশ্বাস নিয়েই ম্যাকাই টেস্টে নামতে চায় বাংলাদেশ। মনে করিয়ে দেন এই কোচ, ‘আসলে টেস্ট ম্যাচ জিতলে কিছু আত্মবিশ্বাস পাবেনই। আমরা ভালো খেলেছি। ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি। ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে।’

এদিকে প্রতিপক্ষ যখন অজিরা তখন কাজটা পরের ম্যাচে সহজ হবে না। তাই পারফরম্যান্সের মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ কোচ বলেন,  ‘অস্ট্রেলিয়া আরও কঠিনভাবে ফিরে আসবে। তাই আমাদের হয় ওই পারফরম্যান্সের মান ধরে রাখতে হবে, নয়তো আরও একটু ভালো করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি মাত্র ১ শতাংশও উন্নতি করতে পারি, সেটাও নিশ্চিত করতে হবে। তবে আমরা জানি, তারা তাদের খেলার ধরন বদলাবে এবং আরও কঠিনভাবে আমাদের ওপর চড়াও হবে।’

 
সর্বশেষ সর্বাধিক পঠিত