হার দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু ফর্টিজের

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

প্রাথমিক বাছাইয়ের বাধা টপকে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এফসি চ্যালেঞ্জ লিগে পা রেখেছে বাংলাদেশের ক্লাব ফর্টিজ এফসি। তবে মহাদেশীয় এই টুর্নামেন্টের মূল পর্বের অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারল না তারা। কুয়েতের আবহাওয়ায় ও স্বাগতিক ক্লাবের অল-আউট অ্যাটাকিং ফুটবলের তোপে পড়ে ৩-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করল ফর্টিজ। 

কুয়েতের হাওয়াল্লিতে মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে 'সি' গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই ফর্টিজকে চেপে ধরে কাদসিয়া এসসি। পুরো ম্যাচে মোট ২৩টি শট নেওয়া কুয়েতি ক্লাবটির বিপরীতে লঙ্কান গোলরক্ষক সুজান পেরেরার অসাধারণ কিছু সেভ না থাকলে হারের ব্যবধান আরও বড় হতে পারত।

অবশ্য ম্যাচের একেবারে পঞ্চম মিনিটে পা ওমর বাবুর ক্রস থেকে অনন্ত তামাংয়ের হেডটি যদি পোস্টের সামান্য বাইরে না যেত, তবে হয়তো খেলার চিত্রনাট্য অন্যভাবে লেখা হতে পারত। তবে সেই শুরুর সুযোগ হারানোর পর ফর্টিজকে পুরো ম্যাচজুড়েই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে। 

ম্যাচের ২০ মিনিটে বক্সে ফাউল করার খেসারত হিসেবে স্পট কিকে কাদসিয়াকে এগিয়ে দেন মরক্কোর ফরোয়ার্ড হামজা খাব্বা। এরপর বিরতির আগে সুজান পেরেরা একে একে নাসের আল রাওয়াহি ও এদ আল রাশেদির প্রচেষ্টা রুখে না দিলে তখনই ম্যাচ ফর্টিসের হাত থেকে বের হয়ে যেত।

তবে বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে স্বাগতিকেরা। আকাদা-ইব্রাহিমরা মাঝেমধ্যে ক্ষণিকের জন্য প্রতিপক্ষের বক্সে বল নিয়ে গেলেও কাদসিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৭১ মিনিটে প্রথম গোলের নায়ক হামজা খাব্বার বুদ্ধিদীপ্ত পাস থেকে ব্যবধান ২-০ করেন আইয়ুব লাখদার। আর ম্যাচের ৯০ মিনিটে হামজার দ্বিতীয় অ্যাসিস্টে আবদুল্লাহ আহমেদ গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কুয়েতি জায়ান্টরা।

প্রথম ম্যাচের এই তিক্ত অভিজ্ঞতা ভুলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফর্টিজের সামনে এখন ঘুরে দাঁড়ানোর কঠিন পরীক্ষা। 'সি' গ্রুপ থেকে শীর্ষ দল সরাসরি এবং অন্য রানার্সআপদের মধ্যে পয়েন্টের হিসাবে সেরা দল যাবে শেষ আটে। আগামী ২০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার মুখোমুখি হবে ফর্টিজ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত