চট্টগ্রামে নিজের মাথায় গুলি চালিয়ে ব্যাংকারের আত্মহত্যা

চট্টগ্রামে শাহিদ হোসেন (৪৫) নামে এক ব্যাংকার নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।  আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে নগরের আগ্রাবাদ হাজী পাড়ার ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

নিহতের পরিবার জানায়, সকালে নিজ বাসার ড্রয়িংরুমে শাহিদ হোসেন পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালান। গুলির বিকট শব্দে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শাহিদ হোসেনকে চমেক হাসপাতালে আনা হলে দ্রুত জরুরি চিকিৎসা শুরু করা হয়। সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী বেশ কিছুদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। কয়েক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কক্সবাজার থেকে বদলি করলে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি মানসিক যন্ত্রণায় ছিলেন৷