চট্টগ্রামে পর্দা নামল তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’

চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’ শেষ হয়েছে। শনিবার (২২ আগস্ট) নগরীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় স্থাপত্য, নির্মাণ, আবাসন ও অবকাঠামো খাতের এই আয়োজন।

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (আইএবি), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে ২০ আগস্ট থেকে শুরু হওয়া এ এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়। তিন দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

তিনি বলেন, চট্টগ্রামে ভূমিধসের অন্যতম প্রধান কারণ অবৈধ ইটভাটা। এসব ভাটার কারণে অবাধে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট করছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবেশবান্ধব ইটের বিকল্প প্রযুক্তির বিস্তার ঘটানো জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন ইকো-ফ্রেন্ডলি বা পরিবেশবান্ধব প্রযুক্তির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, কৃষিজমির টপ সয়েল তৈরি হতে কত বছর সময় লাগে, সে সম্পর্কে অনেকের সঠিক ধারণা নেই। অবাধে মাটি কেটে ইট বানানোর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। আমাদের মতো জনবহুল দেশে জমির পরিমাণ সীমিত। তাই কৃষি জমির উৎপাদনশীলতা কোনোভাবেই কমানো যাবে না, বরং তা বাড়াতে হবে।

নির্মাণ খাতকে টেকসই করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি যেন সব জায়গায় পরিবেশবান্ধব গৃহনির্মাণ সামগ্রীর ব্যবহার বাড়ানো যায়। এখন কার্বন ক্রেডিটের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার এর মাধ্যমে সুফল পেতে কাজ করছে। এখানে উপস্থিত স্থপতি, প্রকৌশলী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ খাত থেকে দেশের জন্য কার্বন ক্রেডিট অর্জনে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সরকার এই মুহূর্তে দেশে ভূমি ব্যবস্থায় ডিজিটাল সার্ভে বাস্তবায়নের চেষ্টা করছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে এই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে ভূমি ব্যবস্থায় সব ধরনের দুর্নীতি কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক এবং বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬-এর উপদেষ্টা স্থপতি মাহাদি ইফতেখার, আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান, সদস্য স্থপতি মো. আসাদুজ্জামান চৌধুরী, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম মঞ্জুরুল হকসহ আয়োজক কমিটির সদস্য, স্থপতি ও প্রকৌশলীরা। 
 
‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’ সফলভাবে সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানান এবারের আয়োজনের আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান। তিনি বলেন,  চট্টগ্রামে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করায় শুরুতে কিছুটা চ্যালেঞ্জ ছিল। তবে সংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।