মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) ব্র্যান্ড ফ্রেশ স্যানিটারিওয়্যার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শনিবার (২২ আগস্ট) নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে এমসিআইএলের কারখানায় ফ্রেশ স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, পরিচালক তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা এবং এমসিআইএলের সিওও একেএম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।
এমজিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নিখুঁত, নির্মল, ফ্রেশ’ ট্যাগলাইন নিয়ে বাজারে আসা ফ্রেশ স্যানিটারিওয়্যারে থাকবে বাড়তি উজ্জ্বলতা। এতে ব্যবহার করা হয়েছে উন্নত গ্লাস, যা পণ্যের মসৃণ ফিনিশিং নিশ্চিত করবে। পাশাপাশি এর গ্লেজ হার্ডনেস পণ্যের স্থায়িত্ব নিশ্চিত করবে।
২০২১ সালে যাত্রা শুরুর পর পাঁচ বছরের সাফল্যে ফ্রেশ সিরামিকস দেশের সিরামিকস খাতে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। এই সাফল্য ও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার ফ্রেশ স্যানিটারিওয়্যার নিয়ে বাজারে এসেছে।
এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, ‘নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের পাশাপাশি সিরামিক টাইলস গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের আস্থা অর্জন করেছি। সেই অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতেই ফ্রেশ সিরামিকসের পর এবার আমরা বাজারে নিয়ে এসেছি ফ্রেশ স্যানিটারিওয়্যার। গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং গ্রাহকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ফ্রেশ স্যানিটারিওয়্যারকে এ খাতের একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
স্যানিটারিওয়্যার ব্যবসায় প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এমসিআইএল। কারখানাটিতে মাসে প্রায় ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই কারখানায় ৬০০-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রাথমিকভাবে ফ্রেশ স্যানিটারিওয়্যার ছয়টি পেডেস্টাল বেসিন, দুটি ওয়ান পিস ওয়াটার কমোড, তিনটি টু পিস ওয়াটার কমোড এবং তিনটি স্কোয়াটিং প্যান নিয়ে বাজারে এসেছে। শুরুতে সাদা রঙের পণ্য বাজারে আনা হয়েছে। ভবিষ্যতে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন রঙ ও নতুন ডিজাইনের পণ্য যুক্ত করা হবে।