নেত্রকোনায় জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি খুন, আটক তিন

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১১:৪৭ পিএম
নেত্রকোনার দুর্গাপুরে মেয়ে জামাইয়ের কুড়ালের আঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছে। এই ঘটনায় ঘাতক শাহেদ বিশ্বাসসহ (৪৪) তিনজনকে আটক করেছে পুলিশ। 
 
শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাহেরা খাতুন (৫৫) ওই গ্রামের মোতালেবের স্ত্রী। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, একই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে শাহেদ বিশ্বাসের কাছে মেয়েকে বিয়ে দেন সাহেরা খাতুন। এরপর থেকেই ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতেন শাহেদ বিশ্বাস। তবে প্রথম স্ত্রীর মৃত্যু হলে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর থেকেই জমি নিয়ে শ্বাশুড়ির সাথে বিরোধ শুরু হয়।
 
বিরোধের জেরে শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে শ্বাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান শ্বাশুড়ি। পরে স্থানীয়রা ঘাতক শাহেদ বিশ্বাসের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ শাহেদ বিশ্বাসসহ তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা আক্তার (২৭) ও মা শাহেরা খাতুনকে (৫৫) আটক করে।
 
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘাতক তার শ্বাশুড়ির বাড়ির জায়গা মা এবং পরে বিবাহিত বউকে নিয়ে ভোগদখল করতে চেয়েছিল। এই নিয়ে বিরোধ ছিল শ্বাশুড়ির সাথে। এই হত্যাকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত