অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি, ছাত্রদল নেতাকে শোকজ

নাটোরের লালপুরে দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় বেআইনিভাবে মাইকিং করে ভুয়া ‘১৪৪ ধারা’ জারির অভিযোগ উঠেছে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আলীর বিরুদ্ধে। এই ঘটনায় গ্রামজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হলে শেষ পর্যন্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এর যৌথ নির্দেশে সংগঠনটির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা মারুফ আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামে গত শুক্রবার (২১ আগস্ট) এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টটি প্রায় দীর্ঘ ৬০ বছর ধরে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে নিয়মিত আয়োজিত হয়ে আসছে। টুর্নামেন্টের আয়োজন থেকে শুরু করে খেলোয়াড়—সবই স্থানীয় গ্রামবাসীদের নিজস্ব। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছরই গ্রামের প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এখানে রাজনৈতিক বা প্রশাসনিক কোনো ব্যক্তিকেই অতিথি করার রীতি নেই। 

কিন্তু লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফ আলী দাবি জানিয়ে আসছিলেন, ফাইনাল খেলায় লালপুরের গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে প্রধান অতিথি করতে হবে। পাশাপাশি নিজেকে বিশেষ অতিথি করার দাবি তোলেন তিনি। আয়োজকরা ঐতিহ্যের দোহাই দিয়ে তার দাবি প্রত্যাখ্যান করলে, তিনি ক্ষিপ্ত হয়ে বেআইনিভাবে এলাকায় মাইকিং করিয়ে '১৪৪ ধারা' জারির ভুয়া ঘোষণা দেন। এর ফলে সাধারণ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঐতিহ্যবাহী ফাইনাল খেলাটি পণ্ড হয়ে যায়।

এদিকে, এই ঘটনার পর আজ রবিবার (২৩ আগস্ট) নাটোর জেলা ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। নাটোর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদককে এফ কামরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, নাটোর জেলা শাখার অধীনস্থ লালপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন মো. মারুফ আলীর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে (২৩-২৪) আগস্ট তারিখের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলাইপুরস্থ নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।