আনোয়ারায় ক্রীড়া সংস্থার বিতর্কিত কমিটি বাতিলের দাবি

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ক্রীড়া সংস্থার কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা না করে নিময়বহিভূতভাবে নতুন কমিটি গঠন করা হয়েছে। এমন অভিযোগ এনে নবগঠিত কমিটি বাতিল ও বিধি মোতাবেক পুনর্গঠনের দাবি জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন আনোয়ারার বাসিন্দা ও চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী নুরুল কবির রানা।

রবিবার (২৩ আগস্ট) জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে বলা হয়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ১১.৬ অনুচ্ছেদ অনুযায়ী আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে আগ্রহী প্রার্থীদের জন্য উম্মুক্ত নোটিশ ও মনোনয়ন ফরম বিক্রির নিয়ম থাকলেও আনোয়ারায় তা সম্পূর্ণ গোপনে করা হয়েছে। ওই পদের প্রার্থী হিসেবে একাধিক লোক ফরম সংগ্রহ করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহস্যজনকভাবে ফরম দিতে অস্বীকৃতি জানান, যা ক্ষমতার অপব্যবহারের শামিল।

অভিযোগে বলা হয়, উপজেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদ সদস্য সচিব গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করার বাধ্যবাধকতা থাকলেও কোনো প্রকার উম্মুক্ত প্রক্রিয়া বা নির্বাচন ছাড়াই ইউএনও একতরফাভাবে কমিটি নির্ধারণ করেছেন। 

কিন্তু অভিযোগকারীর দাবি, নির্বাচনী প্রক্রিয়া না করেই এবং প্রতিদ্বদ্বী প্রার্থীদের যথাযথভাবে অবহিত না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সদস্য সচিব পদে যার নাম নির্ধারণ করা হয়েছে, তিনি একটি চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যা মামলার এজাহারভুক্ত ব্যক্তি বলেও আবেদনে উল্লেখ করা হয়। এছাড়া আমিন ফারুক নামে আরেক সদস্যের বিরুদ্ধেও নতুন কুঁড়ি প্রতিযোগিতার অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও তার দাবি।

জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত রেখে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন এবং কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে আইনজীবী নুরুল কবির রানা বলেন,‘২০২৪ সালের ৩৬ জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসককে বিতাড়িত করেছি। দেশে এখন গণতান্ত্রিক শাসনব্যবস্থা চলছে। এর মধ্যে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আগ্রহী ব্যক্তিদের কিছু না জানিয়ে রাতারাতি সিলেকশন কমিটি করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এজন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাব।’

এদিকে, অভিযোগের বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল কলেও সাড়া না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত