রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল রবিবার সপরিবারে বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে প্রথম দিনে তিনি কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি প্রথমে সংবাদপত্রের কাটিং হাতে নিয়ে তাতে চোখ বোলান। এরপর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী চারটি দেশের রাষ্ট্রপতি তাকে শুভেচ্ছা জানিয়ে যে চিঠি পাঠিয়েছিলেন তার উত্তর দিয়ে তৈরি করা চিঠিতে স্বাক্ষর করেন। এরপর একাধিক ফাইলে তিনি স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন তার প্রেস উইং সদস্যরা।
উল্লেখ্য, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ও নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল অভিনন্দন বার্তা পাঠান।
সহধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপ্রধান বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানায় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল। দলটি রাষ্ট্রপতির গাড়িকে এসকর্ট দিয়ে ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়। সেখানে পৌঁছালে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান এবং সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এদিন তিনি বঙ্গভবন পরিদর্শন বইয়ে সই করেন।
এদিকে বঙ্গভবনের প্রেস উইং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রথম দিনের একাধিক ছবি পাঠিয়েছে। তাতে দেখা গেছে, রাষ্ট্রপতি পরিবারের সব সদস্যকে নিয়ে ছবি তুলেছেন। এ সময় সবাইকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। এ ছাড়া এক ভিডিওতে রাষ্ট্রপতির বড় জামাতাকে পাশের একটি সোফায় আয়েশ করে বসে থাকতে দেখা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই মেয়ের নাম মির্জা শামারুহ (বড় মেয়ে) ও মির্জা সাফারুহ (ছোট মেয়ে)। তার বড় মেয়ের স্বামীর নাম ফাহাম আব্দুস সালাম।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এর আগে গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে ২৩তম রাষ্ট্রপতি হিসেব শপথ নেন মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি মিন্টো রোডের বাসায় ছিলেন।