স্টোকসের সঙ্গে নাইটক্লাবে কার্স: পুলিশ পড়ালো হাতকড়া

ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্সকে হাতকড়া পরা অবস্থায় পুলিশ ঘিরে রাখার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডার্বির একটি নাইটক্লাবের বাইরে ঘটা এই ঘটনার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড  বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের বিরুদ্ধে ডারহামের হয়ে তিন দিনের মধ্যে জয় নিশ্চিত করার পর সতীর্থদের নিয়ে উদযাপনে বের হন কার্স। ডার্বির একটি নাইটক্লাবের বাইরে শনিবার রাতে পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে আটকায়।

ভিডিওতে দেখা যায়, হাত পেছনে রেখে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের পরিবেষ্টিত হয়ে আছেন কার্স এবং তিনি তার ডারহাম সতীর্থ ম্যাথিউ পটস-এর সঙ্গে কথা বলছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাবেক টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও দেখা গেছে।

গত ১২ মাসে ইংল্যান্ড ক্রিকেট দলে খেলোয়াড়দের অফ-ফিল্ড শৃঙ্খলার অভাব এবং মদ্যপানের অতিরিক্ত অভ্যাসের বিষয়ে বারবার প্রশ্ন উঠেছে। সম্প্রতি বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকেও নাইটক্লাবে বিশৃঙ্খলার অভিযোগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এ ঘটনার জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নেন স্টোকস।

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য সোমবার লন্ডনে ইংল্যান্ডের মূল স্কোয়াডে যোগ দেওয়ার কথা ছিল কার্সের। তবে এই ঘটনার কারণে লর্ডস টেস্টে তার অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে: "আমরা ডার্বিতে ঘটা ঘটনাটি সম্পর্কে অবগত এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"