'আমি ক্লান্ত, অধ্যায় এখানেই শেষ'—অবসর নিশ্চিত স্টোকসের

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:৩৩ এএম

ইংল্যান্ড ক্রিকেটে একটি রূপকথার অধ্যায়ের অবসান ঘটলো। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ টেস্ট অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার বেন স্টোকস। আগামী বছর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে অবসর ভেঙে তাঁর ফেরার যে গুঞ্জন উঠেছিল, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে ৩৫ বছর বয়সী এই তারকা সাফ জানিয়ে দিয়েছেন, "আমার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় এখানেই শেষ।"

নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের চতুর্থ দিনে (রোববার) আকস্মিক অবসরের সিদ্ধান্ত জানান স্টোকস। আর সোমবার ম্যাচের পঞ্চম দিনে ইংল্যান্ডের ১৬০ রানের পরাজয়ের সাথে সাথেই শেষ হয়ে যায় তাঁর ১৫ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

ম্যাচ শেষে বিবিসি-র 'টেস্ট ম্যাচ স্পেশাল'-এ দেওয়া সাক্ষাৎকারে অবসর ভেঙে ফেরার কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে স্টোকস বলেন, "এই মুহূর্তে আমি আমার সবকিছু নিয়ে ভীষণ সন্তুষ্ট। সিদ্ধান্তটি আমি হালকাভাবে নিইনি, বেশ লম্বা সময় নিয়ে ভেবেছি। আমার অধ্যায় এখানেই শেষ এবং আমি খুব সুখী।"

পুনরায় জিজ্ঞেস করা হলে তিনি সংক্ষেপে উত্তর দেন, "একেবারেই নিশ্চিত।"

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্টোকস ইংল্যান্ডের হয়ে ১২২টি টেস্ট, ১১৪টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে লর্ডসে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয় এবং হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য সেই টেস্ট জেতানো সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসের পাতায় আজীবন অমর হয়ে থাকবে।

২০২২ সাল থেকে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেওয়া স্টোকস স্বীকার করেছেন যে, গত কয়েক সপ্তাহের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তাঁর এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্ট জয়ের পর লর্ডসের একটি নাইটক্লাবে মধ্যরাতের কারফিউ ভাঙার অপরাধে ওভালের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন।

স্টোকস বলেন, "সাম্প্রতিক ঘটনাগুলো কিছুটা হলেও প্রভাব ফেলেছে। তবে সবচেয়ে বড় সত্য হলো, গত ৬ থেকে ১২ মাস ধরে আমি যা কিছু করছি, তা আমার শরীরের ওপর বড় ধকল ফেলেছে। এই দায়িত্বে যেমন সম্মান ও রোমাঞ্চ আছে, তেমনি কিছু নেতিবাচক দিকও রয়েছে। আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোটাই আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।"

স্টোকসের বিদায়ী টেস্টে নিউজিল্যান্ডের কাছে ১৬০ রানে হেরে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ২০১২ সালের পর ঘরের মাঠে এটিই ইংল্যান্ডের প্রথম বড় কোনো টেস্ট সিরিজ হার। এর আগে অ্যাশেজে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ২০২৪ সালের শেষভাগ থেকে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ইংলিশরা।

এই ব্যর্থতার পর প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের অবস্থান এখন বড় প্রশ্নের মুখে। তবে নিউজিল্যান্ডের সাবেক এই তারকা জানিয়েছেন, তিনি দলের দায়িত্বেই থাকতে চান। স্টোকসের বিদায় প্রসঙ্গে ম্যাককালাম আবেগপ্রবণ হয়ে বলেন, "ও মনস্থির করে ফেলেছিল। ওর সিদ্ধান্ত জানার পর সত্যি বলতে খুব মন খারাপ হয়েছে। গত চার বছর আমরা খুব কাছ থেকে একসাথে কাজ করেছি। ও দলের জন্য একটি বড় অনুপ্রেরণা ছিল।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত