ভারতে সেরার স্বীকৃতি পেল জীবনের ‘সম্পর্ক’

কলকাতা নন্দনে অনুষ্ঠিত ১১তম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ‘সম্পর্ক’। প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ। বিশ্বের ২২টি দেশের ১০২টি চলচ্চিত্রের মধ্য থেকে বিচারকদের রায়ে সেরার স্থান অধিকার করে সিনেমাটি।

কলকাতায় আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলচ্চিত্রের টিম মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন এতে অভিনয় করা টালিউডের জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখার্জি। আন্তর্জাতিক অঙ্গনে এই অর্জন নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নির্মাতা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে জীবন শাহাদাৎ বলেন, ‘আন্তর্জাতিক পুরস্কার লাভ যেকোনো নির্মাতার জন্য যেমন সম্মানের, তেমনই এটি কাজের প্রতি দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়। চলচ্চিত্রের এই বিশ্বজনীন মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমার বিশ্বাস, এই ধরনের সাংস্কৃতিক বিনিময় বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের মৈত্রী ও সম্পর্কের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।;

উল্লেখ্য, মানবীয় অনুভূতির সূক্ষ্ম টানাপড়েন ও সম্পর্কের বৈচিত্র্য নিয়ে নির্মিত ‘সম্পর্ক’ ছবিটি এবারই প্রথম নয়। এর আগেও এটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ আন্তর্জাতিক নানা সম্মানজনক প্রদর্শনীতে অফিশিয়ালি প্রদর্শিত এবং সিনেমাবোদ্ধাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।