দক্ষিণী সিনেমার গন্ডি পেরিয়ে মোহময়ী তারকা প্রীতি মুখুন্দন এখন জনপ্রিয় ভারতজুড়ে। অসাধারণ অভিনয় ও লাবণ্য দিয়ে খুব অল্প সময়েই সিনেমা জগৎ আলোকিত করে চলেছেন। এবার তামিল-তেলেগু মাতানো এই মডেল ও নৃত্যশিল্পী পা রাখতে চলেছেন বলিউডের চাকচিক্যময় জগতে।
করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের বহুল প্রতীক্ষিত ছবি ‘নাগজিলা’-তে বলিউড তারকা কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দায় ভাগ বসাবেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। ইচ্ছাধারী সাপের ফ্যান্টাসি ও কমেডির আবহে তৈরি সিনেমাটিতে প্রীতির অন্তর্ভুক্তি এরই মধ্যে নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছে। এই একটি সিনেমায় সাইন করেই রঙিন পর্দার সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন তামিলনাড়–র ২৫ বছর বয়সী এই তন্বী। অনেকের আগ্রহ কে এই প্রীতি মুখুন্দন? যার কোমনীয় চেহারায় মিশে আছে এক গভীর আবেদনময়ী আভা।
২০০১ সালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে জন্ম নেওয়া প্রীতির বিনোদন ভুবনে পদার্পণের গল্পটি রূপকথার মতো। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন প্রীতি। ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করেও প্রকৌশলের ছকবাঁধা পথ বেছে নেননি। শৈশব থেকেই নাচের প্রতি ছিল তার চরম অনুরাগ। নৃত্যপ্রেমে বুঁদ থাকা এই তরুণী নিজের শৈল্পিক দক্ষতাকে সঙ্গী করেই পা দেন গ্ল্যামার দুনিয়ায়।
মডেলিং ও দারুণ কিছু মিউজিক ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করেন প্রীতি। তবে সাই অভ্যঙ্করের ভাইরাল তামিল গান ‘আসা কুড়া’-তে অসাধারণ নাচ ও শরীরী ভাষা তাকে রাতারাতি নেটদুনিয়ার সেনসেশনে পরিণত করে। সেই অভাবনীয় জনপ্রিয়তার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০২৪ সালে হরর-কমেডি ‘ওম ভিম বুশ’ এবং মেগাস্টার সংবলিত পিরিয়ড ড্রামা ‘কান্নাপ্পা’-তে দুর্দান্ত অভিনয় দিয়ে দক্ষিণের প্রধান তারকাদের তালিকায় নিজের নাম পোক্ত করেন প্রীতি।
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এসে মালয়ালাম বক্স অফিস কাঁপানো ১৫০ কোটি টাকার সিনেমা ‘সর্বম মায়া’-তেও তার উপস্থিতি দারুণ প্রশংসিত হয়। মোহনলাল, প্রভাস কিংবা অক্ষয় কুমারের মতো মহারথীদের সঙ্গে পর্দায় কাজ করার অভিজ্ঞতা তাকে আরও পরিপক্ব করে তোলে। ইঞ্জিনিয়ারিংয়ের জটিল সমীকরণ পেরিয়ে অভিনয়ের রঙিন ক্যানভাসে একের পর এক চমক দেখাতে থাকেন প্রীতি।
বর্তমানে পুরো বি-টাউনে প্রীতি মুখুন্দনকে নিয়ে আগ্রহ তুঙ্গে। মৃগদীপ সিং লাম্বার পরিচালনায় প্রাচীন রূপকথা ও কমেডির মেলবন্ধনে নির্মিত ‘নাগজিলা’ আগামী বছর নাগ পঞ্চমীতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গ্ল্যামার, মেধা ও অভিনয়ের অপূর্ব দ্যুতি ছড়িয়ে বলিউডের এই নতুন রানী হিন্দি সিনেমাপ্রেমীদের মন জয় করতে সম্পূর্ণ প্রস্তুত।
কার্তিক আরিয়ানের সঙ্গে তার এই নতুন রসায়ন সিনেমার পর্দায় কেমন উত্তাপ ছড়াবে, তা দেখতে দর্শকরা মুখিয়ে আছেন।