অক্টোবরে ‘শব্দহীন যন্ত্রণা’

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম

পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক টানাপড়েনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। জায়না ইজি প্রোডাকশনের ব্যানারে আক্তার হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক-গবেষক ডা. তৃণা ইসলাম। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এটি মুক্তির কথা রয়েছে।

কৈশোরের আবেগ, অজ্ঞতা ও অসচেতনতার প্রভাব কীভাবে একজন কিশোরীর স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে, তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘শব্দহীন যন্ত্রণা’ গল্পে। মায়া নামের এক কিশোরীর গর্ভধারণকে কেন্দ্র করে কৈশোরে প্রজনন স্বাস্থ্যের ঝুঁকি, কাউন্সেলিং এবং পরিবার ও অভিভাবকদের ভূমিকা গুরুত্ব পেয়েছে এতে। গল্পকার ডা. তৃণা ইসলামের মতে, কিশোর-কিশোরীদের সঙ্গে খোলামেলা যোগাযোগের গুরুত্ব বোঝানোই চিত্রনাট্যের মূল উদ্দেশ্য।

ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম, তাহসান বিন রফিক, মৌরি, রেবেকা রউফ, ফারজানা ছবি, বড়দা মিঠু, আজম খান, শশী আফরোজা ও শিশুশিল্পী সিফাত, আভাসহ অনেকে। নিছক বিনোদন নয়, বরং অভিভাবক ও সন্তানদের মধ্যে ইতিবাচক সামাজিক সচেতনতা তৈরিতে এটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদী নির্মাতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত