নাটক আশিক প্রিয়া

আরশ পারুর রসায়ন

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম

বর্তমান সময়ে গ্রামীণ প্রেক্ষাপটের পারিবারিক ও রোমান্টিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে। সেই ধারাবাহিকতায় তৈরি হয়েছে নতুন নাটক ‘আশিক প্রিয়া’। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ এবং গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইউসুফ আলী খোকন। ‘হিয়া এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি অল্প দিনেই দর্শক মহলে সাড়া জাগিয়েছে। গত ২০ আগস্ট মুক্তির পর এরই মধ্যে এর ভিউ ১৭ লাখ ছাড়িয়ে গেছে।

‘আশিক প্রিয়া’র কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও ফারিহা রহমান পারু। লন্ডন ফেরত তরুণ ‘আশিক’ এবং গ্রামের চঞ্চল মেয়ে ‘প্রিয়া’র দৃষ্টিভঙ্গির ভিন্নতা, মান-অভিমান ও পরিবারের মধ্যকার নানা সম্পর্কের টানাপড়েন উঠে এসেছে নাটকটির গল্পে। অর্থ বা যৌতুকের চেয়ে ভালোবাসার বন্ধনই যে শেষ পর্যন্ত টিকে থাকে, সেই বার্তাই নাটকটিতে তুলে ধরা হয়েছে। নাটকে আরশ-পারুর অনবদ্য রসায়ন যেমন নজর কেড়েছে, তেমনি অন্যান্য চরিত্রে হারুনুর রশীদ, সৈয়দা নওশীন ইসলাম, বাশার বাপ্পী, খান রোসনে, সূর্য খান ও অর্ণিল বিরলসহ সবার সাবলীল অভিনয় এবং চমৎকার আবহসংগীত দর্শকদের কাছে প্রশংসা পাচ্ছে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ বলেন, “আরশ ও পারুকে নিয়ে এর আগেও কাজ করেছি। কিছুদিন আগেই মুক্তি পাওয়া আমাদের ‘সেফিয়া রঙের বিকেল’ নাটকটির জন্য খুব ভালো সাড়া পাচ্ছি। তবে ‘আশিক প্রিয়া’র গল্পটা একটু ভিন্ন ধাঁচের, দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখে। আরশ প্রতিনিয়ত অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুন করে ভাঙছে, আগামীতে সে আরও ভালো করবে। আর নতুনদের মধ্যে ফারিহা রহমান পারুও বেশ প্রতিশশ্রুতিশীল অভিনয় করছে।”

উল্লেখ্য, আরশ খান ও ফারিহা রহমান পারু জুটির ‘তোকেই মন ছুঁয়ে যায়’, ‘দাওয়াত রইল’, ‘শুধু তুমি আমার’, ‘ইতি আবির’, ‘প্রেম আমার’, ‘ঘুমাওগো জান’ ও ‘চাচ্চু’সহ একাধিক নাটক দর্শকমহলে দারুণ সমাদৃত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত