নরসিংদীর পলাশে ইটবোঝাই ট্রলির ধাক্কায় সেলিম মিয়া (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ডাংগার তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। তিনি স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সেলিম মিয়া সাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৭টার দিকে ডাংগা-পাঁচদোনা সড়কের তেপোথা এলাকায় পৌঁছালে ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক সড়কের পাশে ট্রলিটি ফেলে পালিয়ে যান।
পলাশ থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে সেলিম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।