দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে, একই সঙ্গে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, অগাস্ট মাসেই ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, চলতি বছরে দেশে ৩০ হাজার ৮৩০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ৬৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় ৮৯৪ জন রোগী সুস্থ হন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮৮ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৮ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৯৯ জন, খুলনায় ২০২ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৭৩, রংপুর ১৯ এবং সিলেট ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।