ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রামে জুলুসে লাখো মানুষের ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুলুসের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। হামদ-নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকির-আসকারের মধ্য দিয়ে এগিয়ে যায় জশনে জুলুস। লাখো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো নগরী। গত বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় ঐতিহ্যবাহী জশনে জুলুস। দরবারে আলিয়া কাদেরিয়া ছিরিকোট শরিফের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এই জুলুসে নেতৃত্ব দিচ্ছেন।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই জুলুস সকাল ১০টায় ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে শুরু হয়। এর আগে আল্লামা সাবির শাহ গণমাধ্যমকর্মীদের ব্রিফিং ও মুনাজাত করেন। এ সময় সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহসহ আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম, সেক্রেটারি আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

জুলুস শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দান ও আশপাশের বিশাল এলাকা। বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, লালখানবাজার, টাইগার পাস হয়ে জুলুস পুনরায় একই রুটে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে গিয়ে মিলিত হয়। সেখানে মিলাদ মাহফিল ও জোহরের নামাজ শেষে মুনাজাতের মধ্য দিয়ে জুলুস শেষ হয়।

জুলুসকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়ক ও সড়ক মোড়ে শোভা পায় ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে তৈরি করা তোরণ। মাইকে বাজে হামদ, নাত, গজলসহ নানা ধরনের ইসলামি সংগীত। নগরীর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও বাস, মাইক্রোবাসযোগে হাজার হাজার মানুষ এসে যোগ দেন জুলুসে। জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, ষোলশহর, জিইসি, ওয়াসা মোড়, কাজির দেউড়ী লালখানবাজার, টাইগার পাসসহ বিরাট অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এসে এতে অংশ নেন।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় রাসুল করিম (সা.) এর পৃথিবীতে আগমনের দিনটি স্মরণে প্রতি বছর ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে এই জশনে জুলুসের আয়োজন করা হয়। এবার অনুষ্ঠিত হয়েছে ৫৫তম জুলুস। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাই প্রেসিডেন্ট দেশ রূপান্তরকে বলেন, আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহর নির্দেশনায় ১৯৭৪ সালে শুরু হওয়া এই জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) এখন চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নিয়েছে। নবী প্রেমিকদের মিলনমেলায় এবার লাখ লাখ মানুষ অংশ নেন।