নানা আয়োজনে জাতীয় কবিকে স্মরণ

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:১৮ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী গতকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কবিকে স্মরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার ও সংগঠনের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কবির পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কবির আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করা হয়।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সমাধি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে উপাচার্যের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, নজরুল গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর বক্তব্য প্রদান করেন। এ সময় কবির নাতনি খিলখিল কাজী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশন করেন।

আলোচনাসভায় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্ম মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। সমাজের বৈষম্য, অনাচার-নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা পাওয়া যায় তার সাহিত্যকর্ম থেকে। সাম্য, সৌহার্দ ও শান্তি বজায় রেখে নিজেদের মধ্যে ইস্পাত-কঠিন ঐক্য ধরে রাখার শিক্ষাও নজরুলের সাহিত্য থেকে পাওয়া যায়।’ তার জীবন ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় কোরআনখানি অনুষ্ঠিত হয়। একই দিনে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় তিন দিনব্যাপী পালিত হচ্ছে। দিবসটি পালনের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরুল ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুষ্পস্তবক অর্পণ করে। জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম এবং বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কবিতা আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতা এবং ৩১ আগস্ট পুরাতন প্রশাসনিক ভবনে কনফারেন্স কক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

শিল্পকলা একাডেমির আয়োজন : নজরুল বর্ষ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে দুদিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানের অর্কেস্ট্রা পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস আরা, রাহাত আরা গীতি, ফাতেমা তুজ জোহরা, শহীদ কবির পলাশ, ড. নাশিদ কামাল, ছন্দা চক্রবর্তী, অলোক সেন, রোদসী ও ইউসুফ আহমেদ খান। আবৃত্তি করবেন টিটো মুন্সী, ফারহানা তৃণা ও এনামুল হক জুয়েল। এ ছাড়া দলগত সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও নৃত্য সংগঠনের শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন ও সচিব মোহাম্মদ জাকির হোসেন।

ছায়ানটের আয়োজন : নজরুল-প্রয়াণ দিবসে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট আয়োজন করে ‘নজরুলের গানে মাতোয়ারা ঢাকা’ শীর্ষক অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

সংগীত পরিবেশন করেন শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল, বিজন চন্দ্র মিস্ত্রী, নাসিমা শাহীন ফ্যান্সী, শারমিন সাথী ইসলাম ময়না প্রমুখ। সম্মেলক সংগীত ও নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। লেখা থেকে পাঠ করেন মাহমুদা আখতার ও দেওয়ান সাঈদুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত