চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এফবিসিসিআই প্রশাসকের বৈঠক

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গত ২৬ আগস্ট ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। এ সময় তিনি উভয় দেশের বেসরকারি খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহ, বিশেষ করে চট্টগ্রাম ও খুলনায় শিল্প স্থাপনের জোর আহ্বান জানান। এ সময় তিনি, বাংলাদেশে চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় এফবিসিসিআইর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন। আলোচনায় এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে জন্য এফবিসিসিআই, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একই সঙ্গে, দুদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া সহজীকরণের কথাও উল্লেখ করেন তিনি।