সিপিডির শীর্ষ পদে দুই নারী গবেষক

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:৩৪ এএম

নারী অর্থনীতিবিদ ও গবেষকের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)। দীর্ঘ সাড়ে ৯ বছর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের পর আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্মাননীয় ফেলো হিসেবে নতুন ভূমিকায় যাচ্ছেন ড. ফাহমিদা খাতুন। একই দিন সিপিডির নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন ড. নাজনীন আহমেদ। প্রতিষ্ঠানটির ৬৮তম বোর্ড সভায় তাদের নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ড. ফাহমিদা খাতুন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেন। সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর তার গবেষণার প্রধান ক্ষেত্র। ২০০৩ সাল থেকে ড. ফাহমিদা সিপিডির সঙ্গে যুক্ত হয়ে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। সিপিডিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। ড. ফাহমিদা খাতুন বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশনেও ঊর্ধ্বতন পেশাগত দায়িত্বে ছিলেন।

অপরদিকে সিপিডির নতুন নির্বাহী পরিচলাক ড. নাজনীন আহমেদ উন্নয়ন অর্থনীতি, অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কর্মকা-ে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন অর্থনীতিবিদ। বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে তিনি দীর্ঘদিন অর্থনীতি ও উন্নয়ন নীতি নিয়ে কাজ করেছেন।

সিপিডিতে যোগ দেওয়ার আগে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ দীর্ঘ ও গুরুত্বপূর্ণ কর্মজীবন কাটিয়েছেন ড. নাজনীন আহমেদ। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন তিনি।

বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তার গবেষণা ও নীতি বিশ্লেষণের অভিজ্ঞতা রয়েছে। অর্থনীতি ও উন্নয়ন নীতি নিয়ে গবেষণা এবং নীতি প্রণয়নেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন। সিপিডি জানিয়েছে, ড. নাজনীন আহমেদের দীর্ঘ গবেষণা ও নীতি বিশ্লেষণের অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির গবেষণা, নীতি সংলাপ ও উন্নয়নভিত্তিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তার নিয়োগকে স্বাগত জানানো হয়েছে। তার নেতৃত্বে সিপিডির কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা প্রকাশ করেছে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত