স্কটল্যান্ডের ঐতিহাসিক শহর এডিনবরায় বসেছে বিশ্বসাহিত্যের অন্যতম বড় আসর এডিনবরা আন্তর্জাতিক বই উৎসব ২০২৬। গত ১৫ আগস্ট শুরু হওয়া ১৬ দিনের এ আয়োজন চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘চেঞ্জিং ইউর মাইন্ড’—অর্থাৎ ‘নিজের চিন্তা বদলানো’। ভিন্ন মত মন দিয়ে শোনা এবং প্রয়োজন হলে নিজের অবস্থান পুনর্বিবেচনার সুযোগ করে দেওয়াই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
এবারের উৎসবে ৪১টি দেশ থেকে অংশ নিচ্ছেন প্রায় ৬০০ লেখক, কবি, প্রাবন্ধিক ও চিন্তাবিদ। তাদের পাশাপাশি রয়েছে ৬০০টি অনুষ্ঠান, যেখানে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে রাজনীতি, বিজ্ঞান, ইতিহাস, সংগীত, প্রযুক্তি, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সমকালীন বিশ্বের নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে। উৎসবের আন্তর্জাতিক তারকাদের তালিকায় রয়েছেন পুলিৎজারজয়ী মার্কিন কথাসাহিত্যিক কোলসন হোয়াইটহেড, আইরিশ লেখক কলম টোবিন, জাপানি ঔপন্যাসিক নাতসুও কিরিনোসহ অনেকে। ২০২৬ সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারজয়ী ইয়াং শুয়াং-জিও এবারের উৎসবে অংশ নিচ্ছেন।
১৯৮৩ সালে যাত্রা শুরু করা এডিনবরা আন্তর্জাতিক বই উৎসব চার দশকের বেশি সময় ধরে বিশ্বের লেখক, পাঠক ও সাহিত্য-সংস্কৃতির মানুষদের একত্র করছে। ২০২৬ সালের আসরে সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে মেরুকৃত পৃথিবীতে সংলাপের নতুন প্রয়োজন—ভিন্ন মতকে শোনা, নিজের বিশ্বাসকে প্রশ্ন করা এবং সাহিত্যের মাধ্যমে পৃথিবীকে নতুন করে দেখার চেষ্টা।