চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। একই সঙ্গে ঐ বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় তারা।
রবিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর আলী মিয়ার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি প্রবাসী মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ নুরুল ইসলামের।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী নুরুল ইসলামের বাবা মোহাম্মদ সিরাজ পেশায় কৃষক। রাতে বাড়ির পাশে ফসল পাহারা দিতে তিনি ঘর থেকে বের হন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা ডাকাতদল ঘরে প্রবেশ করে। প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দিলেও পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা।
ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে। পরে গলায় ছুরি ধরে নুরুল ইসলামের মা রাজিয়া বেগমকে পাশের প্রতিবেশী সিরাজের ঘরের দরজা খুলতে বাধ্য করা হয়। সেখানে পরিবারের সদস্যদের জিম্মি করে আরও প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে ডাকাতরা। পরে দ্বিতীয় তলায় সংরক্ষিত সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় তারা।
প্রবাসী নুরুল ইসলাম বলেন, ‘তারা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে আমি বুঝতে পারি, তারা ডাকাত। তাদের সঙ্গে ধস্তাধস্তি করলে আমাকে চড়-থাপ্পড় দিতে শুরু করে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র ছিল।’
স্থানীয় বাসিন্দা ফাহিম বলেন, ডাকাতদল চলে যাওয়ার পর প্রতিবেশী নুরুল ইসলাম তাদের বাড়িতে এসে ডাকাতির খবর দেন। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা জানান, ডাকাতদল এলাকায় প্রবেশের সময় চাকরী থেকে ফেরার পথে স্থানীয় পিকআপচালক তারেককেও জিম্মি করে। ডাকাতির খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য তাকে জিম্মি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, গত ২৬ আগস্ট গভীর রাতে কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে ডাকাতদল ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ প্রায় সাড়ে ৭ থেকে সাড়ে ৮ লাখ টাকা এবং ৫ থেকে ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এর আগে গত ২৫ জুলাই ভোরে জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া গত ২৩ এপ্রিল পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে চারটি গরু ও নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা লুটের ঘটনা ঘটে। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ছিল প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পটিয়ায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।