দুমকিতে সরকারি রাস্তায় চাষাবাদ, অপসারণের নির্দেশ

পটুয়াখালীর দুমকিতে জন সাধারণ চলাচলের সরকারি রাস্তার একাংশ বাঁশের বেড়া দিয়ে আটকে চাষাবাদের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ৭ দিনের মধ্যে বেড়া অপসারণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বরত সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লা খায়রুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় ভূমি অফিসের কানুনগো মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা একে এম ফজলুল হক লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঠালতলা থেকে তহশিল অফিস পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন। এ সময় তারা সরকারি রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণের নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান প্যাদা পরিবারের সদস্যদের নিয়ে সরকারি রাস্তার একাংশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখেন। এছাড়া রাস্তার কিছু অংশ কেটে পাশের জমির সঙ্গে মিলিয়ে সেখানে চাষাবাদ শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এতে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ে।

এ ঘটনায় পার্শ্ববর্তী জমির মালিক ও লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সোহরাব হোসেন উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতেই ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।

অভিযুক্ত শাহজাহান প্যাদা দাবি করেন, অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ না পাওয়ায় তিনি রাস্তার ওপর বেড়া দিয়েছেন। তবে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা রাখবেন বলেও তিনি জানান।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত ৭ দিনের মধ্যে বাঁশের বেড়া অপসারণ না করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।