সামরিক অভিযানে আটক হয়ে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি থাকার ৮ মাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলো ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি। রয়টার্স জানিয়েছে, মাদুরোর সামাজিক মাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্টে পোস্ট করা ছবিগুলোতে তাকে নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ‘মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার’-এ দেখা যায়। চলতি বছর জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী তাকে আটক করে তুলে নিয়ে যায়। ছবিতে ধূসর রঙের সোয়েটস্যুট ও সাদা স্নিকার্স পরে একটি সাধারণ দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মাদুরোকে, যেখানে তাকে আগের চেয়ে অনেকটাই কৃশ ও হালকা দেখাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে তেল চুক্তি ঘোষণার দুই দিন পর সামনে এলো এসব ছবি। ওই চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলার প্রমাণিত মজুদের মধ্যে ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ পাচ্ছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের প্রতিবেদন বলা হয়েছে, পরিবার ও সমর্থকদের জন্য আশার প্রতীক হিসেবেই এই ছবিগুলো প্রকাশ করেছেন মাদুরো।